ছাতকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত
ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের শাখাইতি গ্রামে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শাখাইতি গ্রামে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সমাজসেবক সোনা মিয়ার আর্থিক সহায়তায় এবং অনলাইনভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলো রক্তদান সমাজ কল্যাণ সংস্থা’র পরিচালনায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইনে ইউনিয়নের প্রত্যন্ত এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে বিনামূল্যে নিজেদের রক্তের গ্রুপ নির্ণয় করেন। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সোনা মিয়ার রক্তের গ্রুপ নির্ণয়ের মধ্য দিয়ে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী বক্তব্যে সোনা মিয়া বলেন, জরুরি প্রয়োজনে দ্রুত রক্তের ব্যবস্থা করতে রক্তের গ্রুপ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থ ও সময়ের বিষয়টি বিবেচনায় নিয়ে এলাকার মানুষের সুবিধার্থে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক আরও কার্যক্রম গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
ক্যাম্পেইনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নূর মিয়া রাজু, সাংবাদিক এ আর ছায়েম, সাংবাদিক উজ্জীবক সুজন তালুকদারসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ সময় ‘আলো রক্তদান সমাজ কল্যাণ সংস্থা’র প্রতিষ্ঠাতা সুজাদুর রহমান সমাজ বিনির্মাণে কার্যকর ভূমিকা রাখতে সবাইকে স্বেচ্ছাসেবী ও মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান।
ক্যাম্পেইনে সংগঠনের সভাপতি আব্দুর রহমান রাজু, সিনিয়র সহ-সভাপতি ফজলুল করিম সুমন, সহ-সভাপতি লিয়ন আহমদ, সাধারণ সম্পাদক এবাদুর রহমান সজিব, কোষাধ্যক্ষ রেদোয়ান আহমদ চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক মাহফুজা ইমরানা, সহ-মহিলা বিষয়ক সম্পাদক মাসুমা বিন ফরিদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক জয়নুল করীম জগলু, সদস্য দিলোয়ার হোসেন ও আজিজুল ইসলাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আবু সালেহ বখত ও আবু জাফর বখতসহ সংশ্লিষ্টরা।
ক্যাম্পে অংশ নেওয়া স্থানীয় উপকারভোগীরা এমন জনকল্যাণমূলক উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
সুজন তালুকদার -রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: