নাসীরুদ্দীন পাটওয়ারীদের স্তব্ধ করা যাবে না: নাহিদ
কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলটির নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এই হামলার জন্য বিএনপির নেতা-কর্মীদের দায়ী করে তিনি দাবি করেছেন, বিএনপি সরকার গঠনের পর পাটওয়ারীর ওপর এটি পঞ্চম হামলা।
রোববার (৪ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন এনসিপির আহ্বায়ক।
ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম লেখেন, “আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা হয়েছে। এবার কুষ্টিয়ায় মাজারের ভেতরে প্রবেশ করে পাটওয়ারীসহ এনসিপির নেতা-কর্মীদের ওপর সশস্ত্র হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা।”
বিএনপি সরকার গঠনের পর এটি নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর পঞ্চমবারের মতো হামলা উল্লেখ করে নাহিদ ইসলাম প্রশ্ন তোলেন, একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা এতটা উন্মাদ হতে পারেন!
হামলাকারীদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, “ভয়ভীতি বা দমন-পীড়ন চালিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ স্তব্ধ করা যাবে না, ইনশাআল্লাহ।”
এর আগে কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগের খবর পাওয়া যায়। তবে নাহিদ ইসলামের এই অভিযোগের বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া বা বক্তব্য পাওয়া যায়নি।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: