শ্রীমঙ্গলে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

শ্রীমঙ্গলে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, শ্রীমঙ্গল

১৫/১০/২০২৬ ১৪:১৯:৪১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষের মধ্যে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

বৃহস্পতিবার শ্রীমঙ্গলের কলেজ রোডের হরিজন পল্লিতে এসকেএস ফাউন্ডেশনের সহযোগিতায় এবং ম্যাক বাংলাদেশের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর।

বিশেষ অতিথি ছিলেন এমসিডার সভাপতি মিজানুর রহমান আলাম ও সিনিয়র সাংবাদিক আতাউর রহমান কাজল প্রমুখ।

অনুষ্ঠানে শিশু ও বয়স্কদের সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার নিয়ম হাতে-কলমে দেখানো হয়। পাশাপাশি সাবান ও পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়। উপস্থিত ব্যক্তিরাও এ কার্যক্রমে অংশ নেন।

প্রধান অতিথি অসীম কুমার কর বলেন, সুস্থ থাকার অন্যতম প্রধান শর্ত হলো ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা। অথচ হাতের মাধ্যমে নানা ধরনের জীবাণু সহজেই শরীরে প্রবেশ করতে পারে। দৈনন্দিন জীবনে বিভিন্ন জিনিস স্পর্শ করার সময় হাতে জীবাণু লেগে যায়। সেই হাত দিয়ে খাবার খাওয়া, খাবার তৈরি করা কিংবা চোখ, নাক ও মুখ স্পর্শ করার মাধ্যমে জীবাণু শরীরে প্রবেশ করতে পারে। ফলে ডায়রিয়া, আমাশয়সহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি বাড়ে।

ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদ বলেন, সঠিক নিয়মে সাবান ও পানি দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে পারলে অনেক সংক্রামক রোগের ঝুঁকি কমানো সম্ভব। বিশেষ করে খাবার তৈরি ও খাওয়ার আগে, শৌচাগার ব্যবহারের পর, শিশুকে খাওয়ানোর আগে এবং শিশুর মল পরিষ্কারের পর ভালোভাবে হাত ধোয়া অত্যন্ত জরুরি। শুধু হাত পানিতে ভিজিয়ে নিলেই হবে না; হাতের তালু, হাতের পিঠ, আঙুলের ফাঁক, নখের চারপাশ ও আঙুলের ডগাসহ হাতের সব অংশ সাবান দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড ঘষে পরিষ্কার করতে হবে। এরপর পরিষ্কার পানি দিয়ে হাত ধুয়ে নিতে হবে।

তাঁরা পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বাড়াতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান।

এমসিডা'র সভাপতি মিজানুর রহমান আলম বলেন, হাত ধোয়া একটি সাধারণ অভ্যাস হলেও জনস্বাস্থ্য সুরক্ষায় এর গুরুত্ব অপরিসীম। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের প্রতিটি স্তরে শিশুদের ছোটবেলা থেকেই সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস শেখাতে হবে। পাশাপাশি প্রত্যেকের জন্য নিরাপদ পানি, সাবান ও স্বাস্থ্যসম্মত হাত ধোয়ার ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।

সিনিয়র সাংবাদিক আতাউর রহমান কাজল বলেন, বিশ্ব হাত ধোয়া দিবসের মূল উদ্দেশ্য শুধু একটি দিন হাত ধোয়ার কথা স্মরণ করিয়ে দেওয়া নয়; বরং সারা বছর নিয়মিত ও সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা। এ অভ্যাস ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি পরিবার ও সমাজকে বিভিন্ন রোগের সংক্রমণ থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad