২৮ বাংলাদেশিসহ ২৫৫ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া
মালয়েশিয়ার নেনাস টাউন ইমিগ্রেশন ডিপো থেকে আগস্টের তৃতীয় সপ্তাহে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ২৫৫ জন আটক অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
ফেরত পাঠানোদের মধ্যে ১৭৮ জন ইন্দোনেশিয়ার, ২৮ জন বাংলাদেশের, ২০ জন মিয়ানমারের, ৬ জন কম্বোডিয়ার, ৬ জন নেপালের, ৬ জন পাকিস্তানের, ৪ জন ভারতের, ৩ জন থাইল্যান্ডের এবং ২ জন ভিয়েতনামের নাগরিক রয়েছেন। এ ছাড়া শ্রীলঙ্কা ও ফিলিপাইনের একজন করে নাগরিককে নিজ দেশে পাঠানো হয়েছে।
২৪ আগষ্ট সোমবার, ইমিগ্রেশন ডিপো কর্তৃপক্ষ জানিয়েছে, এসব আটক ব্যক্তিকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের (কেএলআইএ) টার্মিনাল-১ ও টার্মিনাল-২ এবং পাসির গুদাংয়ের মাধ্যমে নিজ নিজ দেশে পাঠানো হয়েছে।
আটক ব্যক্তিদের দেশে ফেরত পাঠানোর বিমানভাড়াসহ অন্যান্য খরচ তাদের ব্যক্তিগত সঞ্চয় ও পরিবারের সহায়তায় বহন করা হয়েছে। কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের দূতাবাস বিমানভাড়ার ব্যয় বহন করেছে।
কর্তৃপক্ষ আরও জানায়, দণ্ডবিধি ১৯৫৭ (অ্যাক্ট ৫৭৪), বিপজ্জনক মাদক আইন ১৯৫২ (অ্যাক্ট ২৩৪), অভিবাসন আইন ১৯৫৯/৬৩ (অ্যাক্ট ১৫৫), অভিবাসন বিধিমালা ১৯৬৩সহ বিভিন্ন আইনে করা মামলায় কারাদণ্ড ভোগ শেষ করার পর তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়।
ফেরত পাঠানো প্রত্যেক ব্যক্তির নাম ইমিগ্রেশন বিভাগের সিস্টেমে কালো তালিকাভুক্ত করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কোনো উদ্দেশ্যেই তাদের মালয়েশিয়ায় পুনরায় প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
নীরব চাকলাদার/ ডিডি
মন্তব্য করুন: