ওসমানী হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু!
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থী মারা গেছেন।
গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) ওই হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নিহত শিক্ষার্থীর নাম শাহরিয়ার বাঁধন (২১)। তিনি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং তাঁর বাড়ি চুয়াডাঙ্গা জেলার দর্শনায়।
সহপাঠী ও বিভাগীয় সূত্র জানায়, গত ৪ অক্টোবর রাতে মেসে থাকা অবস্থায় অনাকাঙ্ক্ষিত বিষপানের ঘটনা ঘটে। প্রাথমিক পর্যায়ে বিষয়টি গোপন রাখা হলেও পরবর্তীতে বাঁধন মারাত্মক অসুস্থ হয়ে পড়লে সহপাঠীরা তাঁকে দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে টানা একাধিক দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর গতকাল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ঘটনার সত্যতা ও মৃত্যুর বিষয় নিশ্চিত করে শাবিপ্রবির রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ইকবাল আহমেদ সিদ্দিকী জানান, “প্রাথমিকভাবে জানতে পেরেছি অন্য একটি বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন ও কলহের জেরে সে বিষপান করে।”
এ মর্মান্তিক ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: