সাতছড়িতে পর্যটকদের উপচে পড়া ভিড়: ছুটিতে প্রকৃতির সান্নিধ্যে হাজারো প্রাণ
ঈদের অনাবিল আনন্দ আর ছুটির সোনালী দিনগুলোকে স্মৃতির ক্যানভাসে স্মরণীয় করে রাখতে প্রকৃতির অপার সৌন্দর্যমণ্ডিত সাতছড়ি জাতীয় উদ্যানে ঢল নেমেছে হাজারো পর্যটকের। হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর উপজেলার অংশজুড়ে বিস্তৃত এই চিরসবুজ অরণ্য যেন এখন এক টুকরো উৎসবের নগরী। ইটের পর ইট আর পাথরে ঘেরা যান্ত্রিক শহরের দমবন্ধ কোলাহল ছেড়ে, একটুখানি শান্তির খোঁজে ও প্রকৃতির সুশীতল সান্নিধ্য পেতে ঈদের দ্বিতীয় দিন থেকেই এখানে বসেছে উৎসবপ্রিয় মানুষের মিলনমেলা।
সরেজমিনে দেখা যায়, ঈদের ছুটিতে পরিবার-পরিজন ও প্রিয়জনদের সাথে নিয়ে সাতছড়ির গহীন অরণ্যের মায়ায় মেতে উঠেছেন নানা বয়সী মানুষ। বনের সবুজ পাতায় ছাঁকা রোদ্দুর আর পাখির কলকাকলির মাঝে কেউ হেঁটে বেড়াচ্ছেন আনমনে, কেউ বা প্রিয় মুহূর্তটিকে ক্যামেরার ফ্রেমে বন্দি করছেন সেলফিতে। আবার কোথাও কোথাও জমে উঠেছে গান আর আড্ডার অকৃত্রিম আনন্দ। শহুরে জীবনের সব ক্লান্তি ধুয়ে-মুছে পুরো উদ্যান এলাকা এখন মুখরিত এক উৎসবমুখর আমেজে।
পর্যটকদের এই উপচে পড়া উপস্থিতিকে কেন্দ্র করে সাতছড়ি জাতীয় উদ্যানের চারপাশ মেতে উঠেছে ভিন্ন এক রঙে। ভেতরে ও বাইরে বসেছে হরেক রকমের অস্থায়ী দোকানপাট। আচার, চানাচুর, খেলনাসহ নানা রকমের মুখরোচক ও আকর্ষণীয় পণ্যের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। পর্যটকদের এই আনাগোনায় স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের মুখেও ফুটেছে হাসির ঝিলিক; তাদের মধ্যেও বিরাজ করছে দারুণ ব্যস্ততা ও ঈদের প্রকৃত আনন্দ।
দূর-দূরান্ত থেকে আসা পর্যটকরা আবেগপ্লুত কণ্ঠে জানান, প্রতিদিনের চেনা যান্ত্রিক জীবনের একঘেয়েমি আর ক্লান্তি দূর করতে সাতছড়ির এই নিবিড় পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য তাদের দারুণভাবে মুগ্ধ করেছে। বনের সবুজ হাওয়া যেন জুড়িয়ে দিচ্ছে বুক। এর সাথে চমৎকার নিরাপত্তা ও সহজ যাতায়াত ব্যবস্থা থাকায় প্রতি ঈদেই অরণ্যের এই সবুজ চাদর যেন আরও বেশি করে টানছে পর্যটকদের।
রাজীব দেব রায় রাজু / ডি আর ডি
মন্তব্য করুন: