নিরাপত্তা শঙ্কা নিয়েই খেললো আল নাসর, রোনালদোর গোল
এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটে উজবেকিস্তানের নেফতচিকে ৩-১ গোলে হারিয়েছে সৌদি ক্লাব আল নাসর। আল নাসরের হয়ে একটি গোল করেছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।
সোমবার (১২ অক্টোবর) রিয়াদে ম্যাচ শুরুর মাত্র ১৫ মিনিট আগে সৌদি আরবের সিভিল ডিফেন্স নিরাপত্তা সতর্কতা জারি করে। এতে নির্ধারিত সময়ের ১ ঘণ্টা পর শুরু হয় খেলা।
দেরিতে খেলা শুরু হলেও মাঠে দ্রুত নিজেদের গুছিয়ে নেয় আল নাসর। ম্যাচের ৩৩ মিনিটে অ্যাঞ্জেলোর শটে বল জালে জড়ালে এগিয়ে যায় দলটি।
এরপর ৪২ মিনিটের কাছাকাছি সময়ে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। সাদিও মানের বাঁ দিক থেকে বাড়ানো উঁচু ক্রস আইমান ইয়াহিয়া বুক দিয়ে তার সামনে নামিয়ে দেন। এরপর ঘুরে দাঁড়িয়ে নিচু শটে বল জালে পাঠান পর্তুগিজ ফরোয়ার্ড।
এই গোলের মধ্য দিয়ে রোনালদোর ক্যারিয়ারের মোট গোলসংখ্যা দাঁড়ায় ৯৮১-এ। ৪১ বছর বয়সী এই তারকা এখন ক্যারিয়ারে এক হাজার গোলের মাইলফলক ছুঁতে আর মাত্র ১৯ গোল দূরে।
দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে আলিশের ওদিলভের গোলে ব্যবধান কমায় নেফতচি। ফলে ম্যাচে ফেরার আশা জেগেছিল উজবেকিস্তানের দলটির। কিন্তু ৬৫ মিনিটে মোহামেদ সিমাকানকে ফাউল করে লাল কার্ড দেখেন ইকরমজন আলিবায়েভ। এতে ১০ জনের দলে পরিণত হয় নেফতচি।
পিছিয়ে পড়ার পর ম্যাচে ফেরার সুযোগ আরও কঠিন হয়ে যায় তাদের জন্য। ৭৮ মিনিটে আনভারজন গোফুরভের আত্মঘাতী গোলে আল নাসরের জয় নিশ্চিত হয়। শেষ পর্যন্ত ৩-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সৌদি আরবের ক্লাবটি।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: